নাটোর প্রতিনিধি
নাটোর আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের ওপর সাবেক এসপি এস.এম ফজলুল হকের হামলা এবং সিংড়ায় তথ্য চাওয়ায় ডেভিল হান্টের নামে সমকালের সাংবাদিক আব্দুর রশিদকে গ্রেপ্তারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সাতটি উপজেলার গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সচেতন মহল।
বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলার সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে।
পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। সেখানে বিক্ষোভ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমবেত হয়।
প্রায় তিনঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে সাংবাদিকরা। এসময় সাংবাদিকরা সিংড়া থানার ওসি, ইউএনও' ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে সাংবাদিকদের উপর হামলাকারী বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের শাস্তি দাবী করেন। জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাগুলো খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

0 Comments